চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্যের (অনলাইনে) যোগদান প্রত্যাখ্যান করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর চুয়েট কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিন করে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় জুম প্ল্যাটফর্মে চুয়েট শিক্ষক সমিতি জরুরি সভায় সর্বসম্মতিক্রমে রাত থেকে পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন।
চুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আহসানউল্লাহ বলেন, ‘অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের দাবিতে আমরা পূর্ণ কর্মবিরতিতে যাচ্ছি। হল ও জরুরি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট কার্যক্রমগুলো চালু থাকবে।
এদিকে চুয়েট শিক্ষক সমিতির পূর্ণ কর্মবিরতির প্রতি একাত্মতা প্রকাশ করে ২৫ সেপ্টেম্বর চুয়েট অফিসার্স এসোসিয়েশনের অনলাইনে অনুষ্ঠিত জরুরি সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কর্মবিরতির সিন্ধান্ত নেন।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম ও সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর উপাচার্য পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমে যে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে তা নিরসন, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংরক্ষণ ও উন্নতির লক্ষ্যে অফিসার্স এসোসিয়েশন কর্মবিরতি কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেন।
বিবৃতিতে চুয়েট পরিবারের সদস্যবৃন্দকে নিয়ে সামাজিক যোগাযোগ ও প্রচার মাধ্যমে প্রচারিত মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান চুয়েট অফিসার্স এসোসিয়েশন।

সোমবার অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ সিদ্ধান্তের প্রতিবাদেই বিক্ষোভে ফেটে পড়েন চুয়েট শিক্ষার্থীরা।
সোমবারের পর থেকে লাগাতার বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, ভিসির কার্যালয়ে তালা ঝুলানো, গণস্বাক্ষর, মশাল মিছিলসহ লাগাতার কর্মসূচি চালিয়ে আসছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মূলত সোমবারের থেকেই শাটডাউনে অচল হয়ে পড়ে চুয়েট।
আন্দোলনরত শিক্ষার্থীদের একটাই দাবী, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









