দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রাজপথে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করলে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা বিএনপির আয়োজনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। জনগণের দ্বারা বিতাড়িত হয়ে তারা পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। তারা গুম, খুন, নির্যাতন ও নিপীড়ন করেছে, মানুষকে হত্যা ও নির্বিচারে গুলি করেছে। এখন বিভিন্ন কায়দায় আবার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, তাদের এখনো বোধোদয় হয়নি। তারা জাতির কাছে ক্ষমাও চায়নি। ষড়যন্ত্র করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না। জনগণই তাদের প্রতিহত করবে। কারণ বাংলাদেশের জনগণ গণতন্ত্রপ্রিয়।
বিএনপির দীর্ঘদিনের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিগত সরকার দেশকে ধ্বংস করেছে। সেই ধ্বংসস্তূপ থেকে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করছেন তারেক রহমান। জনগণের দল বিএনপিকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা যাবে না। জনগণ ভোট ও গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। জনগণের অধিকার নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, জনগণই তাদের জবাব দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।
বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে টুকু বলেন, তারা দীর্ঘ ১৭ বছর জনগণের দাবি নিয়ে রাজপথে আন্দোলন করেছেন। জনগণকে সঙ্গে নিয়ে যারা রাজপথে বিশৃঙ্খলা করবে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
প্রতিমন্ত্রী বলেন, কোনো অপশক্তি যাতে দেশের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি সাংগঠনিক কাজের সঙ্গে সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতা এবং জনগণের উন্নয়নে কাজ করে যেতে হবে।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন সভাপতিত্ব ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী শফিকুল রহমান লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক অমল ব্যানার্জি, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক। উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আহমেদুল হক শাতিল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আজিমুদ্দিন বিপ্লব, যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব জাহিদ হোসেন মালা, জেলা মহিলা বিএনপির সভাপতি নিলুফা ইয়াসমিন ও জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভসহ দলীয় নেতাকর্মীরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









