রূপগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য বরদাশত করা হবে না বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তার জবাব দিতে হবে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রূপগঞ্জে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে’ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দিপু ভূঁইয়া বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা যারা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রূপগঞ্জে কোনো ধরনের নৈরাজ্য করতে দেওয়া হবে না। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় এনে ফাঁসিতে ঝোলানোর কথাও বলেন তিনি।
তবে নিরীহ মানুষ যাতে পুলিশের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে বক্তারা বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলা করা হবে। সাধারণ মানুষের জানমাল রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।

বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা গাউছিয়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। হাজারো নেতা-কর্মীর সঙ্গে দিপু ভূঁইয়াকেও স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি বলাইখা, ভুলতা, গোলাকান্দাইল ও সাওঘাট এলাকা ঘুরে ভুলতা গোলচত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম ও আশরাফুল হক রিপনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









