মুন্সীগঞ্জের শ্রীনগরে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রায় ১৫ কোটি টাকা লোপাট মামলার পলাতক অভিযুক্ত কর্মকর্তা শরীফুজ্জামানকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জ ডিবি পুলিশ ও শ্রীনগর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর মিরপুরের পাইকপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় তার কাছ থেকে লকারের চাবি, কয়েকটি চেকবইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে বর্তমানে ডিবি হেফাজতে রাখা হয়েছে বলে নিশ্চিত করেছে শ্রীনগর থানা পুলিশ।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংক শ্রীনগর শাখার ক্যাশ অফিসার শরীফুজ্জামান গত ২২ সেপ্টেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে ব্যাংক থেকে খোঁজ নিয়ে তার পলাতক থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর দুই দিন পর গত ২৪ সেপ্টেম্বর সকালে এক নারী গ্রাহক ব্যাংকে এসে তার এফডিআরের খোঁজ নিতে গেলে শরীফুজ্জামানের অর্থ লোপাটের চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শত শত গ্রাহক ব্যাংকে ভিড় করতে শুরু করেন।
অভিযোগ রয়েছে, দীর্ঘ ৭ বছর ধরে এই শাখায় কর্মরত থেকে শরীফুজ্জামান ব্যাংকের ভেতরেই একপ্রকার অভিনব কায়দায় আরেকটি ভূঁইফোড় ব্যাংক চালাতেন। গ্রাহকদের সহায়তা করার নামে তাদের কাছ থেকে নগদ টাকা নিজের কাছে বুঝে নিয়ে নিজের তৈরি করা সিল ও জমা বইয়ে স্বাক্ষর করে তাদের বিদায় করতেন। পরবর্তীতে সেই টাকা তিনি আর মূল অ্যাকাউন্টে জমা করতেন না। এছাড়া প্রবাসী গ্রাহকদের অ্যাকাউন্টের নিবন্ধিত ফোন নম্বর পরিবর্তন করেও তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
এর বাইরে এফডিআর ও সঞ্চয়পত্রের মতো বিভিন্ন বিনিয়োগ অ্যাকাউন্ট থেকেও বিপুল পরিমাণ অর্থ লোপাটের অভিযোগ জমা পড়েছে। গত মঙ্গলবার বিকাল পর্যন্ত প্রায় ২৩০ জন গ্রাহক তাদের অ্যাকাউন্ট থেকে অর্থ লোপাট হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত এসব অভিযোগে অর্থের পরিমাণ ১ লাখ থেকে শুরু করে ৮৫ লাখ টাকা পর্যন্ত রয়েছে, যার মোট পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা। তবে ব্যাংকটির প্রায় ১০ হাজার গ্রাহকের অ্যাকাউন্ট যাচাই-বাছাই সম্পন্ন না হলে প্রকৃত লোপাটের অঙ্ক নিশ্চিত করা সম্ভব নয় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এর আগে এই ঘটনায় শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয় এবং পূর্বে কর্মরত ক্যাশিয়ার জিন্নাহ হোসেনকে আটক করা হয়েছিল। তবে মূল অভিযুক্ত শরীফুজ্জামান পলাতক থাকায় গ্রাহকদের মধ্যেমে উৎকণ্ঠা বিরাজ করছিল। পুলিশ জানিয়েছে, তার গ্রেপ্তারের পর এখন রহস্য উদঘাটনে জিজ্ঞাসাবাদ তীব্র করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









