কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয় থেকে ভোটকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে এবং আগের স্থানেই তা বহাল রাখার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে ভুবনঘর গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন। এ সময় তাঁরা আগের স্থানেই ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে নিয়মিতভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে। এই কেন্দ্রে এলাকার প্রায় চার থেকে পাঁচ হাজার ভোটার নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আসছেন এবং অতীতে কখনো সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তাঁদের অভিযোগ, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রটি পরিবর্তন করে ভুবনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ভোটারদের চরম দুর্ভোগ পোহাতে হবে, বিশেষ করে বয়স্ক নারী-পুরুষ ও দূরদূরান্তের ভোটারদের যাতায়াতে ব্যাপক সমস্যা তৈরি হবে। বক্তারা আরও বলেন, আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়ে পর্যাপ্ত কক্ষ, প্রশস্ত ভবন ও বিশাল খেলার মাঠ রয়েছে, যা ভোটগ্রহণের জন্য অত্যন্ত উপযোগী। বিপরীতে প্রস্তাবিত প্রাথমিক বিদ্যালয়টিতে পর্যাপ্ত জায়গা ও সুযোগ-সুবিধা নেই।
প্রতিবাদ সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন মোতালেব, ফিরোজ, কামাল হোসেন মেম্বার, মো. আবুল হোসেন, হাজী সফিক মেম্বার, মিনু বেগম, মর্জিনা আক্তার, মো. ইয়াছিন, মো. দুলাল মিয়া, জলিল মিয়া, বাবুল মিয়া, আলম মিয়া, হানিফ হোসেন, আক্তার, মাহবুব মিয়া ও মানিক মিয়া প্রমুখ।
মানববন্ধন শেষে এলাকাবাসীর পক্ষ থেকে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ভোটারদের নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে যেকোনো মূল্যে ভুবনঘর আবুল হাসেম আব্বাসিয়া উচ্চ বিদ্যালয়কে পুনরায় মূল ভোটকেন্দ্র হিসেবে বহাল রাখার জোর দাবি জানানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









