পাবনা শহরে হঠাৎ মিছিল বের করার প্রস্তুতি নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবসহ মোট ১৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের ইন্দিরা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা একটি মাইক্রোবাসে করে শহরে এসে গোপন বৈঠক ও মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। মূলত শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর ও নাশকতার পরিকল্পনা করছিলেন তারা—এমন সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওহাবের নাম নিশ্চিত হওয়া গেলেও বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পাবনা জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহরের ভেতরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে তাদের আটক করা হয়েছে। মাইক্রোবাসে করে এসে তারা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









