বিদ্যুৎ সংকট ও ঘন ঘন লোডশেডিং মোকাবিলায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রশাসনিক, একাডেমিক ভবন ও আবাসিক হলগুলোতে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপনের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের কাছে স্মারকলিপি জমা দেন তারা।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্য-সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ও যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, পাঠদান, পরীক্ষা, গবেষণা ও আবাসিক হলের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এ সংকট মোকাবিলায় সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়েও সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু করা প্রয়োজন।
স্মারকলিপিতে আরও বলা হয়, সোলার প্যানেল স্থাপন করা হলে নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরশীলতা ও ব্যয় কমবে। পাশাপাশি লোডশেডিংয়ের প্রভাবও হ্রাস পাবে। শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার পরিবেশ নিশ্চিত এবং দীর্ঘমেয়াদি বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপাচার্যের হস্তক্ষেপ কামনা করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









