দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকার। পাশাপাশি জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়নের উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
শনিবার (৩১ অক্টোবর) সকালে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর হাজীপাড়া এলাকায় পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘‘খেলাধুলাকে পেশাদার পর্যায়ে নিয়ে যেতে সরকার কাজ শুরু করেছে। তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা কাজ করছেন। মাঠের পাশাপাশি জেলা স্টেডিয়ামগুলো সংস্কার ও আধুনিকায়ন করা হবে, যাতে সেখান থেকে ভালো মানের খেলোয়াড় উঠে আসতে পারেন।’’
যুবকদের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘‘শিক্ষিত ও বেকার তরুণদের কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ এমন মানের করার পরিকল্পনা রয়েছে, যাতে তরুণরা দেশে-বিদেশে কাজের সুযোগ পান।’’
জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাসের সম্ভাবনা তুলে ধরে তিনি বলেন, ‘‘দেশের প্রতিটি বাড়ি এবং গরুর খামারকেন্দ্রিক এলাকায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা গেলে জ্বালানির ওপর চাপ অনেকটাই কমবে। একই সঙ্গে তরুণরা বায়োগ্যাস উৎপাদন ও সরবরাহের মাধ্যমে নিজেদের কর্মসংস্থান তৈরি করতে পারবেন এবং আয় করতে পারবেন।’’
এর আগে প্রতিমন্ত্রী বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন এবং পাঁচজন উদ্যোক্তার হাতে ঋণের অর্থ তুলে দেন।
এ সময় নীলফামারীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) রেজাউল করিম রেজা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









