লাখো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে নীলফামারীতে তিন দিনব্যাপী জেলা ইজতেমা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শুরু হয়ে ২০ মিনিটব্যাপী আখেরি মোনাজাত চলে। মোনাজাত পরিচালনা করেন ঢাকার কাকরাইল মসজিদের বিশিষ্ট মুরুব্বি ও তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় আলেম মাওলানা মনির বিন ইউসুফ।
মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের পাশাপাশি দেশ ও জাতির মঙ্গল এবং সবার গুনাহ মাফের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করা হয়।
মোনাজাত শুরু হলে ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে ইজতেমা ময়দান। এ সময় অনেক মুসল্লিকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। ময়দান মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাওয়ায় নীলফামারী-সৈয়দপুর মহাসড়কসহ আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন অনেকে। বাসাবাড়ি ও যানবাহনে থাকা মুসল্লিরাও নিজ নিজ অবস্থান থেকে দোয়ায় শরিক হন।
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই নীলফামারীসহ আশপাশের বিভিন্ন উপজেলা ও দূর-দূরান্ত থেকে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি। নারী-পুরুষসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে ময়দান ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় ধর্মীয় আবহ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









