সুনামগঞ্জের ধর্মপাশায় ৩৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য উড়াল সড়কের পাইলিংয়ের কাজ শুরু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের সামনের সড়কে এ কাজ শুরু হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হারপীপ প্রকল্পের আওতায় সদর ইউনিয়নের ব্র্যাক মোড় থেকে জয়শ্রী ইউনিয়নের জয়শ্রী বাজারের সামনের সড়ক পর্যন্ত ১০ কিলোমিটার ৭০০ মিটার সড়ক নির্মাণ করা হবে। এর মধ্যে দুই হাজার ২৮৪ মিটার হবে উড়াল সড়ক এবং বাকি অংশে নির্মাণ করা হবে ফোরলেন হাইওয়ে সড়ক।
প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩৮৪ কোটি টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পেয়েছে এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
পাইলিংয়ের কাজ শুরুর সময় উপস্থিত ছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার মো. ফিরোজ হোসেন, এলজিইডির ধর্মপাশা উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. ইসমাঈল হোসেন, প্রকল্পের ফিল্ড সুপারভিশন ইঞ্জিনিয়ার মো. আরিফুল ইসলাম ও সাংবাদিক সাদ্দাম হোসেন দিপু নূরী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









