চিকিৎসকের প্রত্যয়নপত্র না থাকায় সিলেট থেকে লন্ডনগামী ফ্লাইটে ২৫ সপ্তাহের এক অন্তঃসত্ত্বা নারীকে নিতে আপত্তি জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ঘটনায় ওই নারীর পরিবারের অন্য তিন সদস্যও তাদের লন্ডনযাত্রা বাতিল করেন।
শনিবার (৩১ অক্টোবর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সিলেট স্টেশন ম্যানেজার শাকিল আহমেদ জানান, শনিবার সকাল ১০টা ১০ মিনিটে বিজি-২০১ ফ্লাইটে একই পরিবারের চার সদস্যের লন্ডন যাওয়ার কথা ছিল। চেক-ইন ও ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে পাসপোর্ট চেকিং পয়েন্টে (পিসিইউ) গেলে পরিবারের এক নারী নিজেকে ২৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে জানান।
তিনি বলেন, বিমান ভ্রমণের জন্য প্রয়োজনীয় চিকিৎসকের প্রত্যয়নপত্র দেখাতে না পারায় ঝুঁকি বিবেচনায় ক্রুরা ওই নারীকে পরিবহনে আপত্তি জানান। পরে পরিবারের অন্য তিন সদস্যও স্বেচ্ছায় ফ্লাইট থেকে অফলোড হন। ফলে পরিবারের কেউই ওই দিন লন্ডন যেতে পারেননি।
শাকিল আহমেদ আরও জানান, নিয়ম অনুযায়ী, ২৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা নারীর বিমান ভ্রমণের ক্ষেত্রে চিকিৎসকের প্রত্যয়নপত্র প্রয়োজন। ওই নারীর ২৫ সপ্তাহ পার হলেও তার কাছে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র ছিল না। চিকিৎসকের প্রত্যয়নপত্র ছাড়া অন্তঃসত্ত্বা যাত্রী পরিবহনের পর যাত্রাপথে কোনো জটিলতা দেখা দিলে বিমানকে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









