রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অনুষ্ঠিত হয়েছে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্ব। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে সেরা পাঁচজনকে ঢাকায় অনুষ্ঠেয় দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ভেন্যু ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ আয়োজনে রংপুর বিভাগের এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান ও ড. বিজন মোহন চাকী। অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন ড. মো. আব্দুল লতিফ। এ ছাড়া বিজয়-২৪ হলের প্রভোস্ট ড. মো. হারুন-আল-রশীদসহ সংশ্লিষ্ট শিক্ষক, আয়োজক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রাথমিক পর্বের মূল্যায়ন শেষে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী পাঁচ শিক্ষার্থীকে জাতীয় পর্যায়ের দ্বিতীয় পর্বের জন্য নির্বাচিত করা হয়। তারা ঢাকায় অনুষ্ঠিতব্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ড. মো. হারুন-আল-রশীদ বলেন, রসায়ন অলিম্পিয়াড শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও বিজ্ঞানকে নতুনভাবে জানার ও বোঝার সুযোগ তৈরি করে। এ ধরনের প্রতিযোগিতা রংপুর অঞ্চলের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় এগিয়ে নিতে সহায়ক হবে।
আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের রসায়নবিষয়ক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশের পাশাপাশি গবেষণার প্রতি আগ্রহ বাড়াবে।
উল্লেখ্য, ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্বে অংশগ্রহণের আবেদনের শেষ সময় ছিল ২০ অক্টোবর ২০২৬। রংপুর অঞ্চলের ভেন্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









