জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় দেশের প্রতিটি ঘরে ঘরে বায়োগ্যাস প্লান্ট স্থাপনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘‘মাত্র তিন থেকে পাঁচটি গরু কিংবা শতাধিক হাঁস-মুরগি থাকলেও একটি বায়োগ্যাস প্লান্ট স্থাপন করা সম্ভব। এ উদ্যোগে সরকার সার্বিক সহযোগিতা করবে।’’
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামে একটি বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘‘বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে একদিকে যেমন পরিবারের জ্বালানি চাহিদা পূরণ হবে, অন্যদিকে উৎপাদিত জৈব সার কৃষিকাজে ব্যবহার করা যাবে। পাশাপাশি বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি নিয়েও কাজ চলছে। ফলে এ উদ্যোগ ছড়িয়ে পড়লে দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।’’
তিনি আরও বলেন, ‘‘বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে উদ্যোক্তারা নিজেরা আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি অন্যদের জ্বালানি সুবিধা দিতে পারবেন। এতে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দেশের আর্থসামাজিক উন্নয়নেও অবদান রাখা সম্ভব।’’ এ জন্য দেশের যুবসমাজকে এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে নীলফামারী জেলার পাঁচজন বায়োগ্যাস উদ্যোক্তাকে সরকারি ঋণ সহায়তা হিসেবে প্রত্যেককে এক লাখ ৫০ হাজার টাকা করে মোট সাত লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী। পরে উদ্যোক্তা মাহবুব মুকুলের বায়োগ্যাস প্লান্টের সরবরাহ কার্যক্রম গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে উদ্বোধন করেন তিনি।
যুবসমাজের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, ‘‘যুব উন্নয়ন অধিদপ্তর ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগান নিয়ে কাজ করছে। প্রায় ৮৩টি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। বায়োগ্যাস প্লান্ট স্থাপনও আত্মকর্মসংস্থান ও সমাজ উন্নয়নের এমন একটি উদ্যোগ।’’
অনুষ্ঠানে নীলফামারীর জেলা প্রশাসক হুমায়ুন কবির, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এবং উদ্যোক্তা মাহবুব মুকুল বক্তব্য দেন। সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বিলগির আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মতিউর রহমান।
এ সময় সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হায়াত আলী জাফরী, বিএনপির সহ-সভাপতি এস এম ওবায়দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









