বগুড়ায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ফল বিপর্যয়ের কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
শনিবার (৩১ অক্টোবর) প্রাপ্ত তথ্যমতে, ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া দুইজন, কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজের দুইজন এবং আল্লামার তাকিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের একজন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। এ ছাড়া উল্লেখিত তালিকায় আরও একটি মহিলা কলেজের তিনজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, গোসাইবাড়ি মহিলা কলেজে আগেও এমন শতভাগ অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে। ফলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ, পাঠদান কার্যক্রম ও ফল বিপর্যয়ের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার বলেন, বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অংশ নেওয়া সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের খোঁজ নিয়ে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘‘প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার প্রকৃত কারণ কী এবং এসব প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না, তা খতিয়ে দেখা হবে।’’
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ধারাবাহিক ফল বিপর্যয়ের পেছনে পাঠদানের মান, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের উপস্থিতি কিংবা ব্যবস্থাপনাগত কোনো দুর্বলতা রয়েছে কি না, তদন্তের মাধ্যমে তা বেরিয়ে আসবে বলে আশা করছে সংশ্লিষ্ট মহল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









