জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। একই সঙ্গে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসাসেবা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর মিরপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ‘মোবাইল ফিভার ক্লিনিক’ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএনসিসি প্রশাসক।
অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, ‘‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে অভূতপূর্ব সাফল্য অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।’’ দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, যেকোনো চক্রান্ত প্রতিহত করা এবং সুশাসন প্রতিষ্ঠাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
নিজের রাজনৈতিক ও সামাজিক ভূমিকার কথা তুলে ধরে শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, ‘‘আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।’’
নগরবাসীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় ডিএনসিসির মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
শফিকুল ইসলাম খান মিল্টন আরও বলেন, ‘‘সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পায়, সে ক্ষেত্রে এই মোবাইল ফিভার ক্লিনিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’
নগরবাসীকে ধন্যবাদ জানিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, ‘‘মিরপুর ১০ নম্বর ও ১ নম্বর এলাকার ফুটপাত অবৈধ দখলমুক্ত করে নগরবাসীর চলাচলের জন্য উন্মুক্ত করা সম্ভব হয়েছে তাঁদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার কারণে।’’
আগামী দিনেও নগরবাসীর এই সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









