বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে কেক কাটার মধ্য দিয়ে আয়োজন শুরু হয়।
জীবনানন্দ দাশ কনফারেন্স হলে ‘গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় রাষ্ট্রের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ ছাড়া কনফারেন্স হলের সামনে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাস ও জুলাই আন্দোলন নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ। প্রধান আলোচক ছিলেন ফ্রিল্যান্স সাংবাদিক আকবর হোসেন। ববিসাসের সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সহযোগী অধ্যাপক ড. আবদুল আলিম বছির, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. ফরহাদ উদ্দীন এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন।
প্রধান আলোচক আকবর হোসেন বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা পরস্পরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। গণতন্ত্রের জন্য স্বাধীন গণমাধ্যম যেমন প্রয়োজন, তেমনি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে গণতান্ত্রিক চর্চাও জরুরি। সাংবাদিকতার ক্ষেত্রে মতাদর্শ থাকতে পারে, তবে বস্তুনিষ্ঠতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিকের স্বাধীন থাকার বড় শক্তি তাঁর সততা ও পেশাদারিত্ব। এর মাধ্যমেই সরকার ও ক্ষমতাকে প্রশ্ন করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব।
উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতা চর্চার ওপর গুরুত্ব দেন। তিনি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, বরিশাল শহরের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং বরিশাল বিএম কলেজ সাংবাদিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সভাপতি মো. রবিউল ইসলাম সবাইকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









