তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আগামী ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের শিল্প শাখা থেকে জারি করা নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশ অনুযায়ী, আগামী সোমবার সকাল ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় মজুরি বোর্ডের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।
বোর্ড সূত্রে জানা যায়, দ্বিতীয় সভার আলোচ্যসূচিতে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, পোশাকশিল্পের মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা তাদের প্রস্তাবিত মজুরি হারের লিখিত প্রস্তাব উপস্থাপন করবেন। দ্বিতীয়ত, শিল্প খাতের সব গ্রেডের শ্রমিক ও কর্মচারীদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি হার নিয়ে আলোচনা হবে।
এর আগে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা পরবর্তী বৈঠকে তাদের নিজ নিজ প্রস্তাব জমা দেওয়ার কথা জানান। ফলে দ্বিতীয় সভার মধ্য দিয়ে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আলোচনা আরও আনুষ্ঠানিক ও কার্যকর পর্যায়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ তৈরির জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বোর্ডের সুপারিশের ভিত্তিতে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।
বর্তমানে দেশের তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে এই মজুরি কার্যকর করা হয়।
মালিক ও শ্রমিকপক্ষের লিখিত প্রস্তাব জমা এবং তা পর্যালোচনার পর নতুন মজুরি কাঠামো নির্ধারণের সুপারিশ প্রণয়নের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেবে বোর্ড।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









