জরুরি মুহূর্তে ফোন করেও মিলছে না অ্যাম্বুলেন্স। বাধ্য হয়ে গভীর রাতে রিকশায় করে হাসপাতালে ছুটতে হচ্ছে শিক্ষার্থীদের। প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে মাত্র একটি অ্যাম্বুলেন্স। সংকট নিরসনে সাবেক উপাচার্য নতুন একটি অ্যাম্বুলেন্স যুক্ত করার প্রতিশ্রুতি দিলেও ১৪ মাসেও তা বাস্তবায়িত হয়নি। ফলে জরুরি চিকিৎসাসেবা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
গত রোববার (৮ নভেম্বর) রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক মুহিত। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন দেখে বন্ধুরা অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করেন। কিন্তু চালক জানান, এরই মধ্যে আরেকজন রোগীকে নিয়ে তিনি ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন। ফলে ওই মুহূর্তে অ্যাম্বুলেন্স দেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে গভীর রাতে রিকশায় করে হাসপাতালে যেতে হয় মুহিতকে। জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ার এমন তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। এ ছাড়া শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্য রয়েছেন আরও প্রায় ৩ হাজার। বিপুলসংখ্যক মানুষের জরুরি চিকিৎসাসেবা ও রোগী পরিবহনের জন্য নির্ভর করতে হচ্ছে একমাত্র অ্যাম্বুলেন্সটির ওপর।
অ্যাম্বুলেন্সটি কোনো রোগী নিয়ে ক্যাম্পাসের বাইরে গেলে অন্য কারও জরুরি প্রয়োজন দেখা দিলে তৈরি হয় সংকট। অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্স ফিরে আসা পর্যন্ত রোগীকে অপেক্ষা করতে হয়। এতে জরুরি চিকিৎসাসেবা পেতে বিলম্বের পাশাপাশি রোগীর শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা তৈরি হচ্ছে।
অ্যাম্বুলেন্স সংকট নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হলে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কার্যক্রমের আওতায় আরও একটি অ্যাম্বুলেন্স সংগ্রহের আশ্বাস দিয়েছিলেন। তবে ১৪ মাস পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। দ্রুত নতুন অ্যাম্বুলেন্স যুক্ত করে নিরবচ্ছিন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত চিফ মেডিকেল অফিসার ডা. হেলাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমি সাবেক উপাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। তিনি আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা বাতিল হয়ে যায়। বর্তমান উপাচার্যের সঙ্গেও কথা হয়েছে। নতুন অ্যাম্বুলেন্স পাওয়া না গেলে পুরোনো কোনো গাড়িকে পরিবর্তন করে অ্যাম্বুলেন্সে রূপান্তর করা যায় কি না, তা নিয়ে ভাবা হচ্ছে।’
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী বলেন, ‘অনেকেই আশ্বাস দেন, কিন্তু বাস্তবায়ন করেন কয়জন? সিএসআরের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা হলেও পরে তারা আগ্রহ দেখায়নি। তবে বর্তমান উপাচার্য বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নতুন করে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন। তারা একটি বড় বাস দেওয়ার আশ্বাস দিয়েছে। পাশাপাশি একটি অ্যাম্বুলেন্স পাওয়া যায় কি না, সে বিষয়েও উপাচার্য চেষ্টা চালাচ্ছেন।’
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘বিগত প্রশাসন অনেক আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে একটি অ্যাম্বুলেন্সের পাশাপাশি জরুরি মুহূর্তে রোগীদের আনা-নেওয়ার জন্য একটি মাইক্রোবাস (হাইএস) ব্যবহার করা হচ্ছে। ২০১৯ সালের পর থেকে নিজস্ব অর্থায়নে গাড়ি কেনার অনুমতি নেই। ফলে সিএসআর বা অনুদানের ওপর নির্ভর করতে হচ্ছে। ইতিমধ্যে একটি প্রতিষ্ঠান থেকে অ্যাম্বুলেন্স পাওয়ার বিষয়ে ইতিবাচক নিশ্চয়তা পেয়েছি। যত দ্রুত সম্ভব এটি বিশ্ববিদ্যালয়ের বহরে যুক্ত করার চেষ্টা চলছে।’
তবে নতুন অ্যাম্বুলেন্সটি কবে নাগাদ বিশ্ববিদ্যালয়ের বহরে যুক্ত হবে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সময়সীমা জানাতে পারেনি প্রশাসন। ফলে প্রায় ১০ হাজার শিক্ষার্থীর জরুরি চিকিৎসাসেবার ভরসা এখনো সেই একমাত্র অ্যাম্বুলেন্স।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









