ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাসে বোমা হামলা, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য, হামলাসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইবি শাখা ছাত্রদল।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডায়না চত্বর এলাকায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন, সদস্যসচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিথুন বলেন, “দেশব্যাপী ছাত্রলীগের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সাধারণ শিক্ষার্থীদের বাসে বোমাবাজির ঘটনার তীব্র নিন্দা জানাই। আওয়ামী লীগের অপশক্তিকে রুখে দিতে ছাত্রদল গতকাল সারাদিন ক্যাম্পাসে অবস্থান নিয়েছিল, ভবিষ্যতেও তাদের প্রতিহত করতে রাজপথে প্রস্তুত থাকবে।”
তিনি আরও বলেন, “আমরা ইবি ক্যাম্পাসসহ সমগ্র বাংলাদেশে ছাত্রলীগ, আওয়ামী বা কোনো ফ্যাসিস্ট শক্তির দৌরাত্ম্য চলতে দেব না। তারেক রহমানের নেতৃত্বে গঠিত সরকারই হবে প্রকৃত জনগণের সরকার। জনগণকে সঙ্গে নিয়েই আওয়ামী ও তাদের দোসরদের প্রতিহত করে রাজপথ মুক্ত রাখা হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









