গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর উড়াল সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, মোটরসাইকেলে করে ওই তিনজন সফিপুর উড়ালসেতু অতিক্রম করার সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়ে। তবে নিহতদের নাম-পরিচয় এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
খবর পেয়ে নাওজোর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, ‘‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, ‘‘ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটির বিষয়ে বিস্তারিত জানা যায়নি। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









