দেশজুড়ে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ, রেলপথে নাশকতা ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাহিনীর হামলার অভিযোগ এবং দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ সাংবাদিক অমিত হাসান রবিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানায় জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)। এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বার্তায় সংগঠনটি জানায়, গত কয়েকদিনে রাজধানী ঢাকা থেকে শুরু করে দেশের বিভিন্ন জেলায় ককটেল বিস্ফোরণ, বাসসহ বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগ, রেলপথে নাশকতা এবং রাজনৈতিক ও ব্যক্তিগত স্থাপনায় হামলার খবর প্রকাশিত হয়েছে। এসব ঘটনার মধ্যে ফরিদপুরে বাসচালক কালাচান শেখের মৃত্যুর ঘটনা বিশেষভাবে উদ্বেগজনক। ধারাবাহিক এসব সহিংসতায় সাধারণ মানুষের জীবন, জীবিকা ও নিরাপদে চলাচলের অধিকার প্রশ্নের মুখে পড়েছে।
জেজেইউ মনে করে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক নাশকতা ও সহিংসতা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান, কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা থাকা জরুরি ছিল। অথচ বিভিন্নস্থানে সংঘটিত এসব ঘটনার পর প্রশাসনের ভূমিকা ও কার্যকারিতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। বিশেষ করে প্রশাসনের বিভিন্ন স্তরে পতিত ফ্যাসিবাদী শক্তির প্রভাব ও অবস্থান এখনো বিদ্যমান কি না এবং সংশ্লিষ্ট কোনো অংশের নিষ্ক্রিয়তা এসব ঘটনা প্রতিরোধে বাধা হয়ে দাঁড়াচ্ছে কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন। কোনো অভিযোগকে পূর্বনির্ধারিত সত্য হিসেবে বিবেচনা না করে, যথাযথ তদন্ত ও প্রমাণের ভিত্তিতে দায় নির্ধারণ করতে হবে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ এবং সাংবাদিক অমিত হাসান রবিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। রাজনৈতিক মতপার্থক্য কিংবা ব্যক্তিগত বিরোধের কারণে কারও ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং সাংবাদিকদের পরিবার ও বাসস্থানের নিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ নেই। এ ধরনের ঘটনা শুধু ব্যক্তির নিরাপত্তার ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ।
জুলাই গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়। এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সব পক্ষের প্রত্যাশা ছিল একটি স্বাধীন, নিরাপদ, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা। অথচ বর্তমান পরিস্থিতিতে জুলাইয়ের পক্ষের শক্তিগুলোর মধ্যে বিভেদ ও পারস্পরিক বিরোধের সুযোগে গণঅভ্যুত্থানের অর্জন এবং জননিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।
জুলাই জার্নালিস্ট ইউনিটি মনে করে, বর্তমান পরিস্থিতিতে সরকার, বিরোধী দলসহ জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত সব পক্ষের উচিত পারস্পরিক রাজনৈতিক বিভেদ ও সংঘাত এড়িয়ে জননিরাপত্তা, গণতান্ত্রিক অধিকার এবং জুলাইয়ের মৌলিক আকাঙ্ক্ষা রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান নেওয়া। রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলার চেয়ে দেশের মানুষের জানমাল রক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাকে অগ্রাধিকার দিতে হবে।
এ বিষয়ে জেজেইউ’র পক্ষ থেকে সাতটি দাবি জানানো হয়। দাবিগুলো হল-
১. দেশজুড়ে ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ, রেলপথে নাশকতা ও বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
২. জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ তদন্ত করে জড়িতদের শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৩. দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ অমিত হাসান রবিনের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৪. প্রশাসনের বিভিন্ন স্তরে পতিত ফ্যাসিবাদী শক্তির প্রভাব ও সম্ভাব্য নিষ্ক্রিয়তার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
৫. গণমাধ্যমকর্মী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তি এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৬. রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সব ধরনের সহিংসতা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।
৭. জুলাই গণঅভ্যুত্থানের সব পক্ষকে পারস্পরিক বিভেদ পরিহার করে গণতন্ত্র, স্বাধীন সাংবাদিকতা ও জননিরাপত্তার প্রশ্নে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহ্বান জানাতে হবে।
জুলাই জার্নালিস্ট ইউনিটি বিশ্বাস করে, জুলাইয়ের আকাঙ্ক্ষা রক্ষা করতে হলে শুধু রাজনৈতিক পরিবর্তন যথেষ্ট নয়; রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত, জবাবদিহিমূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে সরকার, বিরোধী দল, সাংবাদিক সমাজ এবং জুলাইয়ের সঙ্গে সম্পৃক্ত সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জননিরাপত্তা, স্বাধীন সাংবাদিকতা ও জুলাইয়ের আকাঙ্ক্ষা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়াই এখন সময়ের দাবি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









