অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৬০ রানের ইনিংস খেলে বীরেন্দ্র শেবাগের ছেলে ছুঁয়ে ফেললেন শুভমন গিল, বৈভব সূর্যবংশীকে। খেলা শেষে তিনি জানিয়ে দিলেন, বাবাকে দেওয়া কথা রেখেছেন।
১৭ চার ও সাত ছক্কার সাহায্যে আর্যবীরের ১৬০ রানে ভর করে ৩০৯ রান করে ভারত। ৭০ রানে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত।
ম্যাচের সেরা হয়ে পুরস্কার নিতে গিয়ে আর্যবীর বলেন, “বাবাকে বলেছিলাম, ১৫০ রানের বেশি করব। কারণ, বাবা ১০০ রানের পরেই আউট হয়ে যাওয়া পছন্দ করে না। তাই ১০০ করার পর ১৫০-র জন্য খেলেছি। বাবার আনন্দ ও সম্মানের জন্য খেলেছি। সেটা যে করতে পেরেছি তাতে আমি খুব খুশি।”
ব্যাট করতে নামার সময়ই আর্যবীর ঠিক করে নিয়েছিলেন যে, শেষ পর্যন্ত থাকবেন। সেই মানসিকতা নিয়েই খেলেছেন তিনি। আর্যবীর বলেন, “ব্যাট করতে নেমে ঠিক করে নিয়েছিলাম, শেষ পর্যন্ত খেলতে হবে। জানতাম, ৪০-৪৫ ওভার খেলতে পারলে বড় রান করতে পারব। উইকেট কঠিন ছিল। বল নিচু হচ্ছিল। ঘুরছিল। তাই এই উইকেটে বড় ইনিংস খেলা কঠিন ছিল।”
এই শতরানের সঙ্গে শুভমান, বৈভবদের ক্লাবে ঢুকে পড়েছেন আর্যবীর। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে ১৫০-র বেশি রানের ইনিংস খেলা ক্রিকেটারদের তালিকায় ঢুকেছেন তিনি।
চলতি বছর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ১৭৫ রানের ইনিংস খেলেছিল বৈভব। ২০১৭ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৬০ রান করেছিলেন শুভমান। আর্যবীরও সেই একই রান করেছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









