বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সিদ্ধান্তের আলোকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম।
নতুন সূচি অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে এবারের ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে ভর্তি পরীক্ষা উপকমিটির সুপারিশ অনুযায়ী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।
পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগের ঘোষণা অনুযায়ী আবেদন গ্রহণের কথা ছিল ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের আবেদনের সুযোগ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল আলীম জানান, যেসব শিক্ষার্থী এক বা দুই বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নিবেন তাদের ফলাফল প্রকাশের পর আলাদাভাবে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে। মূল আবেদন প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চলবে, তবে এই শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ থাকবে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।
অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে তিনি বলেন, এবারের ভর্তি পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষার যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে।
এর আগে উপকমিটির সুপারিশ অনুযায়ী ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ছিল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









