ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘দিগন্ত’ বাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর ‘পেট্রোলবোমা’ নিক্ষেপ এবং দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ‘নাশকতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির নেতৃত্বে মিছিলে অংশ নেন কুষ্টিয়া জেলা শাখা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইনসহ বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসাইন বলেন, “বর্তমানে একটি চক্র নয়াদিল্লিতে বসে দেশে নৈরাজ্য ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। অথচ বর্তমান সরকার জনগণের অধিকার বাস্তবায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার কিংবা আধিপত্যবাদের স্থান হবে না। এ দেশের মানুষ এখন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন। তাই সরকারকে অপকর্মে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।”
শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “ইবির সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও পেট্রোলবোমা নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সংগঠন। এ দেশে তাদের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা চালিয়েছে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের অধিকার হরণ করেছে।”
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ থেকে ক্যাম্পাসগামী ‘দিগন্ত’ নামের ডাবল ডেকার বাসটি ঝিনাইদহের গাড়াগঞ্জ এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। চালক দ্রুত বাসের গতি বাড়িয়ে ঘটনাস্থল অতিক্রম করেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









