বরিশালের আগৈলঝাড়ায় ইজিবাইকে করে বোমা বহনের অভিযোগে কাওছার খলিফা নামে এক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে মামলা করেছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী বিশেষজ্ঞ দলের সদস্যরা উদ্ধার হওয়া বোমাটি নিষ্ক্রিয় করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সেরাল গ্রাম থেকে ইজিবাইকে করে একটি বোমা নিয়ে তালেরবাজারের দিকে যাচ্ছিলেন চালক কাওছার খলিফা। পথে ইজিবাইকের ভেতরে থাকা একটি ব্যাগ দেখে সন্দেহ হয় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল মোল্লার। তিনি গাড়িটির গতিরোধের চেষ্টা করলে চালক ইজিবাইক না থামিয়ে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করেন।
পরে উপজেলার পশ্চিম সুজনকাঠী এলাকায় ইজিবাইকটির পথরোধ করা হয়। এ সময় ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ইজিবাইক চালক কাওছার খলিফাকে আটক করে থানায় নিয়ে যায়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, বুধবার দুপুরে ঢাকা থেকে এসআরবির ছয় সদস্যের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল আগৈলঝাড়ায় পৌঁছায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পশ্চিম সুজনকাঠী এলাকা থেকে বোমাটি উদ্ধার করে বাইপাস সড়কের পাশের স্টেডিয়ামের বালুর মাঠে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ দল সেটি নিষ্ক্রিয় করে।
এ ঘটনায় বুধবার সকালে আগৈলঝাড়া থানার উপপরিদর্শক (এসআই) আলামিন বাদী হয়ে মামলা করেন। মামলায় দক্ষিণ শিহিপাশা গ্রামের শাহজাহান খলিফার ছেলে কাওছার খলিফাসহ তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার কাওছার খলিফাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, ‘‘স্থানীয় লোকজন বোমাসহ এক ইজিবাইক চালককে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। উদ্ধার হওয়া বোমাটি এসআরবির বিশেষজ্ঞ দল নিষ্ক্রিয় করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









