বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে জাল ভ্রমণ কর ও বন্দর করের রসিদ তৈরি করে পাসপোর্টধারীদের ভারতে পাঠানোর অভিযোগ উঠেছে কয়েকটি পরিবহনকেন্দ্রিক চক্রের বিরুদ্ধে।
বুধবার (১১ নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতজন পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
আটক ব্যক্তিরা হলেন- যুবরাজ সাহা সিদু, রতন কুমার সূত্রধর, রয় চৌধুরী, রাশেদ হোসেন, প্রান্ত বণিক, মোহাম্মদ রশিদ ও শিউলি রানী। অভিযোগ রয়েছে, একই সময়ে জাল রসিদ ব্যবহার করে পারাপারের চেষ্টা করা অন্য যাত্রীদের দ্রুত ভারতে পাঠিয়ে দেয় চক্রের সদস্যরা।
অভিযোগ সূত্রে জানা গেছে, বেনাপোলের কয়েকটি পরিবহনের কর্মচারীরা দীর্ঘদিন ধরে এ জালিয়াতির সঙ্গে জড়িত। অভিযোগের তালিকায় পরিবহনের কয়েকজন কর্মচারীর নাম রয়েছে।
অভিযোগ রয়েছে, চক্রটি প্রতিদিন পরিবহনে আসা পাসপোর্টধারীদের কাছ থেকে ভ্রমণ করের নামে জনপ্রতি ১ হাজার ২০০ টাকা আদায় করে। পরে পরিবহনের নিজস্ব অফিসে কম্পিউটারের মাধ্যমে ভুয়া ভ্রমণ কর ও বন্দর করের রসিদ তৈরি করে যাত্রীদের হাতে দেওয়া হয়। এসব রসিদ ব্যবহার করে যাত্রীদের কাস্টমস কার্যক্রম পার করানোর চেষ্টা করা হয়।
পরিবহনকর্মীদের পাশাপাশি একটি দালাল চক্রও এ কাজে জড়িত বলে অভিযোগ উঠেছে। এভাবে প্রতিদিন বিপুল পরিমাণ সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের অনিয়ম চললেও জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এমনকি পরিবহনকর্মীদের সঙ্গে কাস্টমস ও ইমিগ্রেশনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ উঠেছে।
আটক ভারতীয় নাগরিক রাশেদ হোসেন জানান, তিনি আলী নামের এক পরিবহনকর্মীর কাছে পাসপোর্ট জমা দিয়েছিলেন। ওই কর্মচারী তাকে জাল ভ্রমণ করের রসিদ তৈরি করে কাস্টমসে পাঠান। পরে কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটক করে।
অন্যদিকে রয়েল কোচসহ একাধিক পরিবহনে আসা রয় চৌধুরিসহ কয়েকজন যাত্রী দাবি করেন, তারা এ জালিয়াতির বিষয়ে কিছু জানতেন না। দ্রুত ভ্রমণ কর পরিশোধ করে ভারতে পাঠানোর কথা বলে পরিবহনকর্মীরা তাদের কাছ থেকে টাকা নিয়েছেন। জালিয়াতির সঙ্গে পরিবহনকর্মীরাই জড়িত বলে তাদের অভিযোগ।
এদিকে ভ্রমণ কর জালিয়াতির পাশাপাশি বিভিন্ন মামলার আসামি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের ভারতে পারাপারের ক্ষেত্রেও এই চক্রের কয়েকজনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাস্টমসের এক কর্মকর্তা দাবি করেন, কর ফাঁকির সঙ্গে জড়িত চক্রের সঙ্গে কাস্টমস ও বন্দরের কর্মকর্তাদের সখ্যতা রয়েছে। জনপ্রতি ৫’শ টাকা দিলে ভ্রমণ কর ছাড়াই যাত্রী পারাপারের সুযোগ করে দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী কমিশনার আজহারুল ইসলাম জানান, আটক যাত্রীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, পরিবহনের কিছু অসাধু কর্মচারী তাদের সঙ্গে প্রতারণা করেছেন। এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ‘‘কর ফাঁকি রোধে সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় কাস্টমসের কেউ জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না।’’
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, ‘‘বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে প্রতিদিন বিপুলসংখ্যক পাসপোর্টধারী যাতায়াত করেন। যাত্রীদের ভ্রমণসংক্রান্ত কাগজপত্র ও প্রয়োজনীয় কার্যক্রম যাচাইয়ের ক্ষেত্রে ইমিগ্রেশন পুলিশ নিজস্ব দায়িত্ব পালন করে। ভ্রমণ করের রসিদ জালিয়াতির বিষয়টি আমাদের নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো পরিবহনকর্মী বা দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অপরাধে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। অপরাধী যে-ই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









