চীনের বেইজিং ও হাইনান প্রদেশে আয়োজিত আন্তর্জাতিক ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিচ্ছেন বাংলাদেশের ছয় তরুণ প্রতিনিধি। নয় দিনব্যাপী এ কর্মসূচি ১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) সহসভাপতি (ভিপি) রিয়াজুল ইসলামসহ ছয় তরুণ।
অন্য প্রতিনিধিরা হলেন এ কে এম মাজারুল ইসলাম, সাদ্দাম হোসেন, মো. আবুল হাসান, মো. ওয়াবিদুর রহমান ও করিম আল জাহিন।
‘ইয়ুথ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর আ কমিউনিটি উইথ আ শেয়ার্ড ফিউচার অ্যামং নেইবারিং কান্ট্রিজ (২০২৬)’ শীর্ষক এ কর্মসূচির যৌথ আয়োজক রিসার্চ সেন্টার অন বিল্ডিং অ্যা কমিউনিটি উইথ অ্যা শেয়ার্ড ফিউচার ফর হিউম্যানিটি এবং হাইনান ইনস্টিটিউট ফর ফ্রি ট্রেড পোর্ট স্টাডিজ।
আয়োজকদের লক্ষ্য, বিভিন্ন দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক বোঝাপড়া জোরদার এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, বৈশ্বিক শাসনব্যবস্থা ও আন্তর্জাতিক সহযোগিতায় তরুণদের নেতৃত্বের সক্ষমতা বাড়ানো।
কর্মসূচিতে বাংলাদেশের ছয় প্রতিনিধিসহ চীনের প্রতিবেশী বিভিন্ন দেশের প্রায় ৮০ জন তরুণ অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও রাশিয়াসহ আরও কয়েকটি দেশ।
এবারের কর্মসূচির প্রতিপাদ্য ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও যুব নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি’। কর্মসূচির অংশ হিসেবে উচ্চপর্যায়ের সংলাপ, বিষয়ভিত্তিক আলোচনা, বিশেষজ্ঞদের বক্তৃতা, বিভিন্ন স্থান পরিদর্শন ও সাংস্কৃতিক বিনিময়ের আয়োজন রাখা হয়েছে। এসব আয়োজনে বিভিন্ন দেশের গবেষক, পেশাজীবী ও তরুণ নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
আয়োজকদের প্রত্যাশা, এ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি প্রসারিত হবে। পাশাপাশি আন্তসাংস্কৃতিক যোগাযোগ, নেতৃত্বের দক্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্পর্কে তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ হবে। বিশেষ করে চীনের উন্নয়ন অভিজ্ঞতা সম্পর্কে জানার সুযোগ পাবেন তাঁরা।
বাংলাদেশের প্রতিনিধিদের জন্য এ আয়োজন প্রতিবেশী দেশগুলোর তরুণ নেতৃত্বের সঙ্গে মতবিনিময়, আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধান এবং বাংলাদেশ, চীনসহ অংশগ্রহণকারী দেশগুলোর জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
বৈশ্বিক চ্যালেঞ্জ ক্রমেই জটিল হয়ে ওঠার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন, পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সহযোগিতাপূর্ণ ভবিষ্যৎ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও তুলে ধরছে এ আন্তর্জাতিক আয়োজন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








