প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যঙ্গ করার অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিজানুর রহমান ওরফে ফরচুন মিজানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। এ সময় বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামের প্রধান ফটকে থাকা তাঁর কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে তাঁকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেন তাঁরা।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা মিজানুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং তাঁর রাজনৈতিক অতীত নিয়ে প্রশ্ন তোলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে একদল যুবক স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা প্রধান ফটকের সামনে থাকা বিসিবি পরিচালক মিজানুর রহমানের কয়েকটি ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দেন।
বিক্ষোভে অংশ নিয়ে মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহসভাপতি নাজমুল হুদা অভিযোগ করেন, ঢাকায় স্টেডিয়ামে বসে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করেছেন ফরচুন মিজান। ফুটবল নিয়ে পরিকল্পনার কথা বলতে গিয়ে তিনি হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করেন। এ ঘটনাকে প্রধানমন্ত্রীর প্রতি অবমাননাকর আচরণ হিসেবে দেখছেন তাঁরা।
নাজমুল হুদা আরও দাবি করেন, মিজানুর রহমান অতীতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন সৈনিক লীগের বরিশাল জেলা সভাপতি ছিলেন। এমন রাজনৈতিক পরিচয়ের একজন ব্যক্তি কীভাবে বিসিবির পরিচালক হলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, বিক্ষুব্ধ নেতা-কর্মীরা স্টেডিয়ামে গিয়ে তাঁর ব্যানারে আগুন দিয়েছেন এবং তাঁকে বরিশাল স্টেডিয়ামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। বিএনপির কেউ তাঁকে পুনর্বাসনের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিক্ষোভে ল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্যসচিব এস এম জুয়েল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সিকদার, সহসাধারণ সম্পাদক অ্যালেক্স তমাল ও সাবেক নাট্যবিষয়ক সম্পাদক আরিয়ান খান মাসুমসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে স্টেডিয়ামের পাম্প অপারেটর মো. মামুন বলেন, প্রধান ফটকের সামনে থাকা কয়েকটি ব্যানারে কিছু যুবক আগুন দিয়েছেন। বিষয়টি তাঁরা খোঁজ নিয়ে দেখছেন।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান বলেন, ‘বরিশাল স্টেডিয়ামে কী হয়েছে, আমি তো জানি না।’ ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যানার দিয়ে কী হবে?’ তবে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
জাতীয়তাবাদী ক্রীড়া দল বরিশাল জেলা শাখার সদস্য মীর হাসান মোর্শেদ সুমন বলেন, আওয়ামী লীগের দোসর হয়ে ফরচুন মিজান প্রধানমন্ত্রীর বিষয়ে বিদ্রূপ করতে পারেন না। তাঁরা এ ঘটনার তীব্র নিন্দা জানান।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মামুন খন্দকার বলেন, স্টেডিয়ামে ব্যানারে আগুন দেওয়ার বিষয়টি তিনি জানেন না। কেউ তাঁকে এ বিষয়ে জানাননি। তবে তিনি খোঁজ নিচ্ছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ঢাকায় ফুটবল নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিয়ে বিসিবি পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমের সামনে হাসতে হাসতে ‘উই হ্যাভ আ প্ল্যান’ মন্তব্য করেন। শুক্রবার তাঁর ১০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। এরই ধারাবাহিকতায় বরিশালে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ ও ব্যানারে আগুন দেওয়ার ঘটনা ঘটল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








