ঝালকাঠিতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আত্মঘাতী বোমা হামলায় দুই বিচারক হত্যার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৪ নভেম্বর সকালে কর্মস্থলে যাওয়ার পথে বোমা হামলায় নিহত হন ঝালকাঠির তৎকালীন সিনিয়র সহকারী জজ সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে শোকযাত্রা, স্মরণসভা এবং দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে জেলা ও দায়রা জজ আদালত।
সকাল সাড়ে ৮টায় জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি নিহত দুই বিচারকের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনা।
শোকযাত্রায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ শরীফ মোহাম্মদ সানাউল হক, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম, পারিবারিক আপিল আদালতের জেলা ও দায়রা জজ মুহাম্মদ জাকারিয়াসহ বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এ ছাড়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. বশির গাজী, অতিরিক্ত পুলিশ সুপার বায়েজিদ ইবনে আকবর, সরকারি কৌঁসুলি (পিপি) মাহেব আলম এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন।
শোকযাত্রা শেষে আদালত চত্বরের শহীদ সোহেল-জগন্নাথ মঞ্চে স্মরণসভা অনুষ্ঠিত হয়। পরে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রুবাইয়া আমেনার সভাপতিত্বে নিহত দুই বিচারকের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড
২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে ঝালকাঠি শহরের সরকারি বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। হামলায় ঘটনাস্থলেই নিহত হন বিচারক সোহেল আহম্মেদ। গুরুতর আহত বিচারক জগন্নাথ পাঁড়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
বোমার আঘাতে মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। এ সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হামলাকারী জেএমবি সদস্য ইফতেখার হাসান আল মামুনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ সাত জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন। উচ্চ আদালতেও এ রায় বহাল থাকে। পরে ২০০৭ সালের ২৯ মার্চ দেশের বিভিন্ন কারাগারে জেএমবির শীর্ষ ছয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ফাঁসি কার্যকর হওয়া জঙ্গিরা হলেন জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ এবং হামলাকারী ইফতেখার হাসান আল মামুন।
পরবর্তী সময়ে ২০১৬ সালের ১৬ অক্টোবর খুলনা জেলা কারাগারে এ মামলার অপর দণ্ডপ্রাপ্ত আসামি আসাদুল ইসলাম আরিফের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
দেশের বিচার বিভাগের ইতিহাসে আলোচিত ও নৃশংস এ হত্যাকাণ্ড সে সময় সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। হত্যাকাণ্ডের ২১ বছর পরও গভীর শ্রদ্ধা ও বেদনার সঙ্গে নিহত দুই বিচারককে স্মরণ করছেন তাঁদের সহকর্মী ও ঝালকাঠিবাসী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








