পটুয়াখালীর দুমকি থানার বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১,৭০০ টাকা এবং একটি বাজাজ ডিসকভার মোটরসাইকেলসহ মো. আল আমিন চাকলাদার (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৩ নভেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার একটি টিম জানতে পারে যে, মুরাদিয়া ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডস্থ উত্তর চরগরবদী মুজিবর রহমান ফকির কমিউনিটি ক্লিনিকের সামনে ইটের রাস্তার ওপর এক ব্যক্তি মোটরসাইকেলে করে গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে পুলিশ।
ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অভিযুক্ত আল আমিন চাকলাদারকে আটক করা হয়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ১০০ গ্রাম গাঁজা এবং বাম পকেট থেকে মাদক বিক্রির নগদ ১,৭০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত কালো ও নীল রঙের ১০০ সিসির বাজাজ ডিসকভার মোটরসাইকেলটিও (রেজিস্ট্রেশন নম্বর: পটুয়াখালী হ-১১-২৭১৫) জব্দ করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দতালিকা প্রস্তুত করে আলামতগুলো নিজ হেফাজতে নেয় পুলিশ।
গ্রেপ্তারকৃত মো. আল আমিন চাকলাদার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সন্তোষদী গ্রামের মৃত ইউনুচ চাকলাদার ও নাসিমা বেগম দম্পতির ছেলে।
এ ঘটনায় দুমকি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক)/৩৮ ধারায় একটি নিয়মিত মামলা (এফআইআর নম্বর- ১৩, তারিখ: ১৩ নভেম্বর ২০২৬; জি আর নম্বর- ১১৬) রুজু করা হয়েছে। মামলার পর আসামিকে আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








