সন্ত্রাসবাদে সম্পৃক্ততা, বিদেশি জঙ্গি সংগঠনে যোগদান এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার অপরাধে নিজেদের দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
গতকাল শনিবার (১৪ নভেম্বর) সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশে এ দণ্ড কার্যকর করা হয়। দণ্ডপ্রাপ্ত দুই নাগরিক হলেন—ফাদেল বিন হাসান বিন আব্দুল্লাহ আল-সাফওয়ানি এবং জাওয়াদ বিন আলি কুরাইশ। সূত্র: খালিজ টাইমস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দীর্ঘ তদন্ত শেষে আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। বিচার প্রক্রিয়ায় অভিযোগ প্রমাণিত হলে আদালত তাদের ‘তাযির’ (ইসলামী শরিয়াহ অনুযায়ী বিচারকের ডেসক্রিশনারি পাওয়ার বা বিচারাধীন শাস্তি) হিসেবে মৃত্যুদণ্ডের রায় দেন। পরবর্তীতে দেশটির আপিল আদালত ও সুপ্রিম কোর্টও এই রায় বহাল রাখেন। সবশেষে রাজকীয় আদেশের পর শনিবার পূর্বনির্ধারিত প্রক্রিয়ায় তাদের দণ্ড কার্যকর করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ত্রাসবাদে অর্থায়ন এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করার মতো গুরুতর অপরাধে যারা জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে। একইসঙ্গে এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধেও কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
উল্লেখ্য, বিশ্বের যে কয়েকটি দেশ নিয়মিত ও সর্বাধিক হারে মৃত্যুদণ্ড কার্যকর করে থাকে, সৌদি আরব তার অন্যতম। দেশটিতে সন্ত্রাসবাদ ও গুরুতর অপরাধ দমনে কঠোর আইন বলবৎ রয়েছে।
কাও


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








