ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘রোডিজ’-এ দীর্ঘ ১০ বছর পর ফিরেছেন অভিনেত্রী ও মডেল বানি জে। তবে এই বিরতির পেছনে রয়েছে তার ‘বিগ বস ১০’র তিক্ত অভিজ্ঞতা। ওই শোতে অংশ নেওয়ার পর মানসিকভাবে বেশ কঠিন সময় পার করতে হয়েছিল তাকে। ব্যক্তিগত জীবনের নানা সংকটও সামলাতে হয়েছে। সব মিলিয়ে রিয়েলিটি শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বানি জে।
বানি জানান, ২০১৬ সালে সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ১০’-এ অংশ নেওয়ার অভিজ্ঞতা তার জন্য মোটেও সহজ ছিল না। দীর্ঘ ১১০ দিন ঘরবন্দি অবস্থায় থাকা, অন্য প্রতিযোগীদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়া এবং প্রতিদিনের মানসিক চাপ তাকে ভীষণভাবে প্রভাবিত করেছিল।
তার ভাষায়, অনুষ্ঠানটি তার জন্য ছিল অত্যন্ত বিচ্ছিন্ন ও কঠিন অভিজ্ঞতা। প্রতিদিন কাঁদতে কাঁদতে সময় পার করা তার কাছে অসহনীয় হয়ে উঠেছিল। শো শেষ হওয়ার পর প্রায় এক বছর কোনো কাজ করেননি তিনি। বরং ভ্রমণ করেছেন এবং নিজেকে নতুন করে ফিরে পাওয়ার চেষ্টা করেছেন।
বানি আরও জানান, ওই সময় তার মা গুরুতর অসুস্থ ছিলেন। ব্যক্তিগত জীবনের নানা সমস্যার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অতিরিক্ত আলোচনা ও মানুষের নজরদারিও তার ওপর চাপ তৈরি করেছিল। এ কারণে তিনি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছিলেন।
তিনি বলেন, বিগ বসের পর অনেক কাজের প্রস্তাব ও দর্শকদের ভালোবাসা পেলেও তখন কাজ চালিয়ে যাওয়ার মতো মানসিক শক্তি তার ছিল না। নিজেকে নতুন করে গুছিয়ে নিতে বিরতির প্রয়োজন ছিল।
২০০৬ সালে ‘এমটিভি রোডিজ ৪’র মাধ্যমে রিয়েলিটি শোতে যাত্রা শুরু করেন বানি। ওই আসরে প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। পরবর্তী সময়ে অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন। এবার ‘রোডিজ রিবার্থ’-এ গ্যাং লিডার হিসেবে ফিরেছেন তিনি।
দীর্ঘ বিরতির পর ফিরে এসে অনুষ্ঠানটির প্রতিযোগীদের মান দেখে মুগ্ধ হয়েছেন বানি। তার মতে, বর্তমান প্রতিযোগীরা আগের তুলনায় অনেক বেশি দক্ষ, শিক্ষিত এবং নিজেদের পেশাগত জীবনেও প্রতিষ্ঠিত।
অনুষ্ঠানে সহ-গ্যাং লিডার অভিষেক মালহানের সঙ্গে বিরোধ এবং বাসির আলীর সঙ্গে বন্ধুত্ব নিয়েও কথা বলেছেন তিনি। বাসিরের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে বানি জানান, একসঙ্গে সময় কাটানো বা জিমে যাওয়াকে অন্যভাবে ব্যাখ্যা করা দুঃখজনক। তারা মূলত একসঙ্গে কাজ করার সুবাদে ভালো সময় কাটান।
দীর্ঘ ১০ বছর পর রিয়েলিটি শোতে ফিরে বানি জে জানিয়েছেন, সময়ের সঙ্গে তার জীবন, চিন্তাভাবনা ও অগ্রাধিকার বদলেছে। এবার অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের আরও ভালো একটি সংস্করণ হয়ে উঠতে চান তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








