রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রমজানে জাবিতে জমজমাট ইফতার বাজার

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২১ এএম

আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ এএম

রমজানে জাবিতে জমজমাট ইফতার বাজার

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে প্রাণচাঞ্চল্যে ভরে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাস। বিকেল গড়াতেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, বিভিন্ন হলসংলগ্ন চত্বর ও বটতলা এলাকায় বসছে অস্থায়ী ইফতার বাজার।

হরেক রকমের মজাদার ইফতারি কিনতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সহ ক্যাম্পাসে ঘুরতে আসা দর্শনার্থী ও আশপাশের বাসিন্দাদের উপস্থিতিতে প্রতিদিনই সরগরম হয়ে উঠছে এসব স্থান।রমজান মাসে জাবিতে যেন অন্যরকম উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

ইফতার বাজারে দেখা যায় বাহারি সব খাবারের সমারোহ। ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু, ডিমের চপ, আলুর চপ, হালিম, সাসলিক, জালি কাবাব ও জিলাপির পাশাপাশি রয়েছে খেজুর, বিভিন্ন ধরনের শরবত, লাচ্ছি, মাঠা, দই-চিড়া ও মৌসুমি ফল। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রেতারা প্রতিদিনই সাজিয়ে তুলছেন তাদের পসরা।

শহীদ রফিক-জব্বার হল চত্বরে ইফতার সামগ্রী বিক্রি করা মো. ডালিম পাটোয়ারী বলেন, “বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী খাবার প্রস্তুত রাখি। যেসব আইটেম বেশি বিক্রি হয়, সেগুলোই বেশি রাখা হয়। আলহামদুলিল্লাহ, রমজানে ইফতার ভালোই বিক্রি হচ্ছে।”

তবে সব জায়গায় একই চিত্র নয়। বটতলার এক বিক্রেতা মো. রিপন জানান, “এবার তেমন বেচাকেনা হচ্ছে না, কিছুটা মন্দা চলছে। বেশিরভাগ শিক্ষার্থী ছেলেদের হল চত্বরে গিয়ে ইফতার কিনছে।”

ইনস্টিটিউট অফ ইনফরমেশন এন্ড টেকনোলজি (আইআইটি)-এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইমাম মেহেদী বলেন, “প্রতিদিন বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসে ইফতার করার জন্য আমরা কয়েকজন মিলে ইফতারি কিনি। কিনতে গেলে চারপাশে অনেক ভিড় দেখি—সবাই একসঙ্গে ইফতার সামগ্রী কিনছে। পুরো পরিবেশটা তখন উৎসবমুখর মনে হয়। এই সম্মিলিত আয়োজনের মধ্যেই এক ধরনের আলাদা আনন্দ আছে।”

রমজানজুড়ে এ ইফতার বাজার শুধু কেনাবেচার স্থান নয়, বরং শিক্ষার্থীদের মিলনমেলার এক অনন্য প্রতীক হয়ে উঠেছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.