জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
শহীদ আবু সাঈদের বড় ভাই বলেন, ‘আজকে এখানে দাঁড়িয়েছি কারণ জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার এখনো আলোর মুখ দেখেনি। পুলিশের তৎকালীন এসি ইমরান এই ঘটনার সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে; চার্জশিটে তার নাম যুক্ত করা হয়নি। তাকে কী কারণে বাদ দেওয়া হলো? শহীদ আবু সাঈদের সহযোদ্ধারা এর আগেও ন্যায়বিচারের দাবিতে অনেক মানববন্ধন করেছেন, কিন্তু এখনো কোনো রায় পাওয়া যায়নি। আমরা চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মাধ্যমে দ্রুত এই মামলার রায় প্রদান ও কার্যকর করা হোক।’
শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, ‘আমরা আবু সাঈদ হত্যা মামলার বিচারের ক্ষেত্রে কোনো দীর্ঘসূত্রতা চাই না। আবু সাঈদের সহযোদ্ধা ও সহপাঠীরা চাতক পাখির মতো এই বিচারের প্রতীক্ষায় আছে। আপনারা জানেন, এই মামলার কয়েকজন পুলিশ সদস্যকে আদালত অব্যাহতি দিয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক।’
শিক্ষার্থী রহমত আলী বলেন, ‘জুলাইয়ের শহীদদের রক্তের ওপর নতুন বাংলাদেশ গঠিত হয়েছে। অথচ এত দিন পার হওয়ার পরও তার বিচারের দাবিতে আমাদের রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত লজ্জাজনক। আবু সাঈদদের রক্তের ওপর দাঁড়িয়েই অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তী সরকার গঠিত হয়েছে। কিন্তু আমাদের প্রধান দাবি ছিল আবু সাঈদ হত্যার বিচার, যা এখনো সম্পন্ন হয়নি। আমরা অতি দ্রুত এই বিচার প্রক্রিয়ার সমাপ্তি চাই।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









