কক্সবাজারের উখিয়ায় ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবাসহ সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশির সময় এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৬ লাখ ৪১ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে হোয়াইক্যং থেকে রামুগামী একটি সিএনজি চেকপোস্টে পৌঁছালে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সেটিতে তল্লাশি চালান। এ সময় সিএনজির ভেতরে ডান পাশে সন্দেহজনক একটি চেম্বার দেখতে পান তারা। পরে চেম্বারটি খুলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা খাকি রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ১৩ হাজার ৮০৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক চালক বিজিবিকে জানিয়েছে, হোয়াইক্যং থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে রামুতে নিয়ে যাচ্ছিল সে।
বিজিবি অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









