নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়ার পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে বাম পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে মাদক কারবারিদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
আহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, আবুল কালাম উত্তর মাসাবো এলাকার বাসিন্দা। তিনি আগে হবিগঞ্জে কর্মরত ছিলেন। প্রায় পাঁচ বছর আগে ঢাকায় এপিবিএনে বদলি হন। এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন।
তিনি জানান, এ নিয়ে স্থানীয় মাদক কারবারিদের সঙ্গে তার বিরোধ চলে আসছিল। বিভিন্ন সময় মাদক কারবারিরা তাকে হুমকি-ধমকিও দিয়ে আসছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত শাহাদাতের ছোট ভাই শাহজালাল মোবাইল ফোনে আবুল কালামকে ডেকে নেয়। পরে তাকে মাসাবো এলাকার একটি বিলের পাশে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ওত পেতে থাকা শাহজালালসহ ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে হাত-পা ভেঙে দেয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার বাম পায়ের রগ কেটে দেয় বলে অভিযোগ রয়েছে।
আবুল কালামের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে রাতেই রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
রূপগঞ্জ থানার ওসি আরও জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









