শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাবি শিক্ষার্থীর চিকিৎসায় ‘গাফিলতি’, চিকিৎসাকেন্দ্রে তালা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম

আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ এএম

রাবি শিক্ষার্থীর চিকিৎসায় ‘গাফিলতি’, চিকিৎসাকেন্দ্রে তালা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্রিকেট খেলার সময় আহত এক শিক্ষার্থীর চিকিৎসায় গাফিলতির অভিযোগের প্রতিবাদে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।  

শুক্রবার (১৭ এপ্রিল) চিকিৎসার গাফিলতির অভিযোগে সন্ধ্যায় মেডিকেল অবরোধের ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকের আশ্বাসে তালা খুলে দেয় তারা।

​ভুক্তভোগী ওই শিক্ষার্থীর নাম শাহরুখ হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ একটি মেসে অবস্থান করছেন।

​সহপাঠী ও বিভাগ সূত্রে জানা যায়, আজ সকাল ১১টায় হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগ ও মার্কেটিং বিভাগের ক্রিকেট ম্যাচ ছিল। শাহরুখ সেখানে ফিল্ডিং করার সময় হঠাৎ আরেক শিক্ষার্থীর সাথে ধাক্কা লেগে তার ঠোঁট কেটে যায়। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে আসা হয়। তার সহপাঠীরা দাবি করেন, সেখানে দায়িত্বরতরা কেবল একটি ‘টিস্যু’ তার ঠোঁটে লাগিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে বিকেলে ওই বিভাগের শিক্ষার্থীরা চিকিৎসা কেন্দ্র অবরোধ করে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা চিকিৎসাকেন্দ্রের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দিতে চাইলে সেখানে রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক বি এম নাজমুস সাকিব উপস্থিত হন। সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে এক শিক্ষার্থীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে।

​শাহরুখের এক সহপাঠী বলেন, "একজন শিক্ষার্থীর ঠোঁট দিয়ে রক্ত ঝরছে অথচ বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের চিকিৎসকরা মুখে একটা ‘টিস্যু’ দিয়ে মেডিকেলে পাঠিয়ে দিলেন। চিকিৎসা কেন্দ্রে চিকিৎসকরা যদি ন্যূনতম চিকিৎসা না দিতে পারে তবে এই মেডিকেল সেন্টারের দরকার নেই। আমরা এর স্থায়ী সমাধান চাই।"

​ঘটনাস্থল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, "আহত শিক্ষার্থীকে রাবি মেডিকেলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক দেখতে পেয়েছিলেন এটি একটি স্পর্শকাতর বিষয়। যেহেতু এটি মুখের বিষয় এবং অনেকাংশেই ফেটে গেছে, সেলাইয়ের প্রয়োজন ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে শিক্ষার্থীকে রাজশাহী রামেকে পাঠানো হয়েছে। আজকে ছুটির দিন থাকায় সন্ধ্যা পর্যন্ত রামেক বন্ধ ছিল। ফলে শিক্ষার্থীরা হতাশ হয়ে রাবির মেডিকেলে তালা দেয়। আমরা তাদের অভিযোগ শুনেছি দ্রুতই সমাধান করা হবে।"

​চিকিৎসাকেন্দ্রের গাফিলতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসাকেন্দ্রের প্রধান চিকিৎসক মাফরুহা সিদ্দিকা লিপি বলেন, "আমি বর্তমানে ছুটিতে আছি। তবে বিষয়টি নিয়ে উপাচার্যের সাথে কথা হয়েছে। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে দ্রুত বিষয়টির সমাধান করা হবে।"

​শিক্ষার্থীরা চিকিৎসাকেন্দ্র তালাবদ্ধ রাখতে চাইলে হিসাববিজ্ঞান ও তথ্যব্যবস্থা বিভাগের অধ্যাপক সাইদুজ্জামান শিক্ষার্থীদের সাথে উপাচার্যের সাক্ষাৎকারের আশ্বাস দেন। তিনি বলেন, "আমার উপাচার্যের সাথে এ বিষয়ে কথা হয়েছে। তিনি শিক্ষার্থীদের সাথে বসতে চান। আগামীকাল দুপুর ১২টায় তিনি মার্কেটিং বিভাগে আসবেন। আহত শিক্ষার্থীর সব খরচ বহন করবেন বলেও আশ্বাস দিয়েছেন উপাচার্য।"

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভাগের শিক্ষকের আশ্বাসে পরবর্তীতে শিক্ষার্থীরা তালা খুলে দেয় ও চিকিৎসাকেন্দ্র থেকে ফিরে যায়।

কাওছার আল হাবীব/এদিন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.