কক্সবাজারের রামুতে সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে গড়ে ওঠা পানের বরজ উচ্ছেদে গিয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ - ৯০ জনকে আসামি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের বিট কর্মকর্তা গোলাম মোস্তফা বাদী হয়ে রামু থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সমিতিপাড়ার ১৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার (২৭ জুলাই) সকাল ১০টার দিকে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জ এলাকায় সংরক্ষিত বনভূমিতে গড়ে ওঠা অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালায় বন বিভাগ। এ সময় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ ওঠে।
বন বিভাগের অভিযোগ, সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা অবৈধ পানের বরজ উচ্ছেদে গেলে একদল দখলদার সংঘবদ্ধভাবে বনকর্মীদের ওপর হামলা চালায়। এতে পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগানমালি সাইদুল ইসলাম, মো. সাজিদ এবং ইমার্জেন্সি রেসপন্স টিমের (ইআরটি) সদস্য মিজানুর রহমান আহত হন। এ সময় অভিযানে ব্যবহৃত সরকারি সরঞ্জামও ক্ষতিগ্রস্ত করা হয় বলে দাবি বন বিভাগের।
আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকারি দায়িত্ব পালনকালে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় মামলা করা হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
এদিকে সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধ পানের বরজ স্থাপন এবং উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









