ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে ছাত্রদলের দেয়াল লিখনের সাথে ফটোসেশন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের দেয়ালে ‘ছাত্রদলের রাজনৈতিক টেন্ট’ এর পাশে এ ফটোসেশন কর্মসূচি পালন করা হয়।
এরআগে, একইদিনে দুপুর বারোটায় ছাত্রশিবিরের রাজনৈতিক কর্মকাণ্ডকে ‘গুপ্ত’ আখ্যা দিয়ে দেয়াল লিখন ও তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানায় শাখা ছাত্রদল।
ফটোসেশনের বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বাবু বলেন, “ছাত্রদলের দেয়াল লিখন দেখে আমাদের খুব ভালো লেগেছে। আমরা উপভোগ করেছি এবং ফটোসেশন করেছি।”
তিনি আরো বলেন, “ছাত্রদলের সাথে আমরা একমত। আমরাও চাই গুপ্ত রাজনীতির শেষ হোক। রাজনীতি করতে হলে বাংলাদেশের মাটিতে থেকে রাজনীতি করতে হবে, জেল খাটতে হবে, ফাঁসির মঞ্চে যেতে হবে কিন্তু দেশের মানুষকে বিপদে ফেলে রেখে দলকে বিপদে ফেলে রেখে ‘লন্ডনে’ পালিয়ে গিয়ে ‘গুপ্ত’ রাজনীতির চর্চার সুযোগ আর বাংলাদেশে নেই।”
তবে শাখা ছাত্রশিবিরের এমন কর্মকাণ্ডকে ‘বেহায়াপানা’ হিসেবে দেখছেন শাখা ছাত্রদল। সংগঠনটির সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “শিবিরের এমন কর্মকাণ্ড নেহাৎ বেহায়াপানা ছাড়া কিছুই না। একাত্তরের সময়ের বাংলাদেশবিরোধী শক্তির প্ররোচনায় শিবির তাদের গুপ্ত রাজনীতি থেকে বের হতে পারে নাই তবে তরুন প্রজন্ম চাইছে এই গুপ্ত ধারার রাজনীতি থেকে বের হয়ে আসতে। সেটারই হয়ত বহিঃপ্রকাশ এই ফটোসেশন।”
এরআগে, চট্টগ্রাম সরকারি সিটি কলেজে গ্রাফিতি আঁকা ও সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখির জেরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দ্বিমুখী সংঘর্ষ হয়। এতে দুই ছাত্র সংগঠনের অন্তত ১০ জন আহত হয়। এর প্রতিবাদে মঙ্গলবার রাত নয়টায় বিক্ষোভ কর্মসূচি পালন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর আজ দুপুর বারোটায় ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’ দেয়াল লিখন করে শাখা ছাত্রদল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









