বরিশাল বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিসি) রিয়াজ হোসেনের (পিপিএম) বিরুদ্ধে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে।
শনিবার (২ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে প্রতিবাদ জানান। তারা অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন।
বাংলা বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, “জুলাই-আগস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সঙ্গে এডিসি রিয়াজ হোসেন জড়িত বলে অভিযোগ রয়েছে। আমরা তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমাদের জোর দাবি, তাকে দ্রুত প্রত্যাহার করে বিচার নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের এখনো বিচারের আওতায় আনা হয়নি, যা ন্যায়বিচারের প্রশ্নে উদ্বেগজনক। তারা সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গিয়ে স্বাক্ষরসংবলিত একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে এডিসি রিয়াজ হোসেনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বরিশাল রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শকের কার্যালয়ে বৈঠক করেন। এ সময় অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. সাইফুল্লাহ বিন আনোয়ার স্মারকলিপি গ্রহণ করেন এবং বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









