কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নির্মাণাধীন নতুন ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন কুবির সনাতনী শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৫ মে) উপাচার্য দপ্তরে এ স্মারকলিপি জমা দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমান ক্যাম্পাসে প্রার্থনা কক্ষটি আকারে ছোট হওয়ায় ও উপযুক্ত পরিবেশের অভাবে সকল শিক্ষার্থীর সমাগম সম্ভব হচ্ছে না। ফলে ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা ব্যাহত হচ্ছে। এ বিষয়ে উপাচার্য বরাবর গত ৩ মে একটি স্মারকলিপি জমা দেয়। ইতিবাচক সাড়া পেলেও র্দীঘমেয়াদী সমস্যা সমাধানে এটি যথেষ্ট নয় বলে উল্লেখ করেন তারা।
এই বিষয়ে পূজা উদ্যাপন কমিটির বর্তমান সভাপতি সজীব বিশ্বাস বলেন, 'গত ৩ মে আমরা মাননীয় উপাচার্য স্যারের নিকট স্মারকলিপি প্রদান করতে যাই। আমাদের মূল দাবি ছিল—নতুন ক্যাম্পাসে মন্দিরের কার্যক্রম দ্রুত শুরু করা, যাতে সনাতনী শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পূরণ হয়। তবে স্যারের বক্তব্যে আমরা কিছুটা হতাশ হই। তিনি জানান, মন্দির নির্মাণের বাজেট আপাতত বাতিল করা হয়েছে, ফলে এ বিষয়ে তিনি কোনো নিশ্চিত আশ্বাস দিতে পারছেন না।'
তিনি বলেন, 'পরিবর্তে, বর্তমান ক্যাম্পাসে একটি অস্থায়ী প্রার্থনা কক্ষ নির্মাণের প্রস্তাব দেন। তবুও আমাদের দাবি একটাই-নতুন ক্যাম্পাসে স্থায়ী মন্দির নির্মাণের মাধ্যমে এই সমস্যার একটি দীর্ঘমেয়াদি সমাধান নিশ্চিত করা হোক। প্রয়োজনে আমরা আরও কিছুদিন কষ্ট সহ্য করতে প্রস্তুত, কিন্তু আমাদের ন্যায্য দাবি বাস্তবায়ন দেখতে চাই।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









