কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের তিন মাস মেয়াদি আহ্বায়ক কমিটি পাঁচ বছর হয়ে গেলেও এখনো বহাল রয়েছে। ৩১ সদস্যের এ কমিটিতে আহ্বায়কসহ অন্তত ২৮ জনের বর্তমানে নিয়মিত ছাত্রত্ব নেই। নতুন কমিটিতে পদের আশায় কয়েকজন সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছেন বলেও জানা গেছে। এছাড়া পদধারী অধিকাংশ নেতাকর্মী দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অনুপস্থিত। ফলে নতুন নেতৃত্বের অপেক্ষায় হতাশা ও ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছেন কর্মীরা।
খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ ২০২১ সালের ১৬ জুন রাতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০০৭-০৮ শিক্ষাবর্ষের (দ্বিতীয় ব্যাচ) শিক্ষার্থী মোহাম্মাদ আব্দুল্লাহ আল মামুনকে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের (তৃতীয় ব্যাচ) শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান শুভকে সদস্য সচিব করা হয়।
আরও জানা গেছে, ৩১ সদস্যের আহ্বায়ক কমিটিতে বর্তমানে মাত্র দুইজনের ছাত্রত্ব রয়েছে। কেউ কেউ পদের আশায় সান্ধ্যকালীন কোর্সে ভর্তি হয়েছে বলেও জানা যায়। বাকিরা অনেকেই ছাত্রজীবন শেষ করে পেশায় যুক্ত হয়েছেন এবং কয়েকজন বিদেশে চলে গেছে বলেও জানা গেছে।
ঘোষিত বর্তমান কমিটি তৎকালীন সময়ে অনুমোদন দেওয়া হলেও কমিটির মেয়াদ সংক্রান্ত কোন বার্তা বিজ্ঞপ্তি প্যাডে উল্লেখ ছিল না। তবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের পাশাপাশি একযোগে তৎকালীন সময়ে আরো ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং ৫টি মেডিক্যাল কলেজে ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয় এবং প্রতিটিরই মেয়াদ ছিল তিন মাস।
ছাত্রদলের গঠনতন্ত্রের ১৪ অনুচ্ছেদের (খ) এবং (গ) তে উল্লেখ আছে– আহ্বায়ক কমিটি অবশ্যই তিন মাসের মধ্যে সম্মেলন সম্পন্ন করবে। কোনো কারণে আহ্বায়ক কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলন করতে ব্যর্থ হলে এ ক্ষেত্রে কেন্দ্র সিদ্ধান্ত গ্রহণ করবেন।
কিন্তু কমিটি গঠনের চার বছর পর অনুষ্ঠিত হয় সম্মেলন। তবে সম্মেলনের ছয় মাস পেরিয়ে গেলেও এখনো ঘোষণা করা হয়নি নতুন কমিটি। পাশাপাশি সংগঠনটির কোনো আবাসিক হল ও ফ্যাকাল্টিতেও এখনো কমিটি গঠন করা হয়নি।
২০২৫ সালের ২ নভেম্বর নতুন কমিটি গঠনের লক্ষ্যে নেতৃত্ব বাছাইয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত গ্রহণের নিমিত্তে ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ থেকে তিন সদস্যের একটি সমন্বিত কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি ৪ নভেম্বর পদ প্রত্যাশীদের সিভি সংগ্রহ করে নিয়ে যাওয়ার ৬ মাস পেরিয়ে গেলেও এখনো নতুন কমিটি ঘোষণা করেনি।
এ বিষয়ে ছাত্রদল কর্মী অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তোফায়েল মাহমুদ নিবিড় বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটির মেয়াদ প্রায় ৬ বছর ছুঁই ছুঁই। দীর্ঘদিন ধরে একই কমিটি বহাল থাকায় এবং কমিটির অধিকাংশ নেতৃবৃন্দ অনুপস্থিত থাকায় সাংগঠনিক গতিশীলতা অনেকটাই কমে গেছে।'
তিনি বলেন, 'বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২০তম ব্যাচ চলমান, অথচ বর্তমান কমিটির নেতৃত্বে রয়েছেন ২য় ও ৩য় ব্যাচের ভাইয়েরা। এই বিশাল বয়স ও প্রজন্মগত ব্যবধানের কারণে নবীন শিক্ষার্থীরা ছাত্রদলে আসতে আগ্রহ হারাচ্ছে। তাই দ্রুত নতুন কমিটি গঠনের মাধ্যমে নতুন নেতৃত্ব এনে সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের প্রতি অনুরোধ জানাচ্ছি।'
ছাত্রদলের আরেক কর্মী ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেন বলেন, '২৪ এর গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের অন্যান্য ক্যাম্পাস কিংবা ইউনিটের মতো আমরাও নতুন একটি কমিটি ছেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের অন্যান্য ইউনিট গুলোতে নতুন কমিটি হলেও আমাদের ইউনিটে নতুন কোন কমিটি হয় নাই। এবং এখনো ত্যাগীদের মূল্যায়ন করা হয় নাই। এজন্য আমরা যারা দুঃসময়ে দলের রাজনীতি করেছি তারা সবাই হতাশ।'
তিনি আরও বলেন, 'নতুন কমিটি হলে অবশ্যই ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করতে হবে। পাশাপাশি অভিজ্ঞ ও তরুণদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ কমিটি প্রত্যাশা করছি।'
কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, 'কমিটি কতদিন থাকবে সেটার সিদ্ধান্ত কেন্দ্রীয় সংসদ নিবে। তারা যদি প্রয়োজন মনে করে তাহলে নতুন কমিটি দিবে।'
এ ব্যাপারে নেতৃত্ব বাছাই কমিটির আহ্বায়ক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ বলেন, 'নতুন কমিটি গঠনের কাজ চলমান আছে। খুব শীঘ্রই কমিটি ঘোষণা করা হবে।'
সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, 'প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে নতুন করে ছাত্রদলের কমিটি দেওয়া হচ্ছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলেরও নতুন কমিটি গঠনের কাজ চলমান। যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা করা হবে।'
কেমন নেতৃত্ব আসতে পারে জানতে চাইলে তিনি বলেন, 'অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন কমিটি হচ্ছে তেমনই হবে। যথাসম্ভব রানিং শিক্ষার্থীদের মধ্য থেকে নেতৃত্বে রাখা হবে।'


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









