চলমান অস্থিরতা, প্রশাসনিক সংকট ও শিক্ষকদের আন্দোলনের মধ্যেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। তিনি বিশ্ববিদ্যালয়টির সপ্তম উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ (সংশোধিত)-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. মামুন অর রশিদকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে আগামী চার বছর অথবা তার অবসর গ্রহণের নির্ধারিত তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে পদোন্নতি দাবিতে শিক্ষকদের আন্দোলন, ক্লাস-পরীক্ষা বর্জন, প্রশাসনিক দপ্তরে তালা এবং সার্বিক অচলাবস্থার কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক ধরনের সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে নতুন উপাচার্যের নিয়োগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
শিক্ষক-শিক্ষার্থীদের প্রত্যাশা, নতুন উপাচার্যের নেতৃত্বে চলমান সংকট দ্রুত নিরসন হবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আবারও স্বাভাবিক ধারায় ফিরে আসবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









