আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক সেলিনা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হুমায়ূনের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়। অভিযোগের বিষয়টি তদন্তের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়রা সেলিনা বেগমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেন। অভিযোগে তার বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার বিষয় তুলে ধরা হয়।
অভিযোগের বিষয়গুলো নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে তদন্তের লক্ষ্যে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২(খ)(আ) এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪(৬) অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। একই সঙ্গে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। তদন্ত শেষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে প্রশাসনের এ সিদ্ধান্তকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের একটি অংশ অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









