সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়িতে বাড়িতে রঘু ডাকাতের রক্তমাখা চিঠি দেওয়ার পর পুলিশ পাহাড়ায় ঘুমালো গ্রামবাসী।
গত কয়েকদিন ধরে উপজেলার গাড়াদহ ইউনিয়নের টেকুয়াপাড়া গ্রামে চেতনানাশক স্প্রে করে ধারাবাহিকভাবে ডাকাতির পর রঘু ডাকাতের নামে অন্তত ১৫টি বাড়িতে দেওয়া হয় রক্তমাখা চিঠি।
চিঠিগুলোতে নির্বিঘ্নে ডাকাতি করার জন্য দরজা খোলা রাখতে বলা হয়। দরজা না খোলা রাখলে জিন্দা খালাসের হুমকি দেয় রঘু ডাকাত। এরপর থেকেই আতঙ্কে ঘুমহীন হয়ে পড়ে পুরো গ্রামের মানুষ।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে পুলিশ। শনিবার (১৬ মে) গভীররাতে সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ঘটনাস্থল পরিদর্শনে আসেন। এরপর পুলিশ পাহাড়ায় ঘুমান গ্রামবাসী।
বিষয়টি নিয়ে স্থানীয়রা জানিয়েছেন, ইতোমধ্যে কয়েকটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে ডাকাতি করা হয়েছে। ফলে কোরবানির ঈদকে ঘিরে বেশি আতঙ্কিত হয়ে পড়েন গরুর খামারীরা। একদিকে ডাকাতি অন্যদিকে হুমকি দেওয়া রক্তমাখা চিঠিতে নির্ঘুম হয়ে যায় পুরো গ্রাম।
স্থানীয়রা আরও জানান, গত ৪/৫দিনে টেকুয়াপাড়া গ্রামের অন্তত ১৫ জনের বাড়িতে দূর্বৃত্তরা নিজেদের রঘু ডাকাত পরিচয় দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে লিখেছে “কালকে আপনাদের বাড়িতে ডাকাতি করতে আসবো, তাই দরজা খোলা রাখবেন, না খুলে রাখলে জিন্দা খালাস.........? ইতি রঘু ডাকাত।”
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু শনিবার রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রামবাসীকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে জানান, কোনোভাবেই ডাকাত বা দুঃস্কৃতিকারীদের কোনোরকম অপতৎপরতা করতে দেওয়া হবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিস সুপার মো. হাফিজুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









