কথা-কাটাকাটির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস থেকে ঝিনাইদহগামী ডাবল ডেকার বাস ‘মধুমতি’তে এক জুনিয়র শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রবিবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিযুক্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সায়মন আহমেদ হৃদয় এবং ভুক্তভোগী শিক্ষার্থী বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের অন্তর বিশ্বাস।
জানা যায়, বিকেল ৪টার বাসে ঝিনাইদহের উদ্দেশে রওনা হন সংশ্লিষ্ট শিক্ষার্থীরা। এ সময় হৃদয়সহ তাঁর কয়েকজন বন্ধু বাসে উচ্চস্বরে কথাবার্তা ও হইচই করছিলেন। এতে বিরক্ত হয়ে অন্তরের পাশের সিটে বসা এক শিক্ষার্থী তাঁদের থামতে বলেন। এরপর উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির সূত্রপাত হয়। একপর্যায়ে হৃদয় তেড়ে এসে অন্তরের গায়ে হাত তোলেন এবং উপর্যুপরি আঘাত করেন।
বাসের এই ঘটনার জের ধরে অন্তর ও হৃদয়ের বিভাগের শিক্ষার্থীরা প্রধান ফটকে অবস্থান নেন এবং রাত আটটার বাসে অভিযুক্ত হৃদয় ক্যাম্পাসে প্রবেশের পরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও ক্যাম্পাসজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন; মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ)।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহিনুজ্জামান বলেন, উভয় বিভাগের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









