দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি অপতথ্য মোকাবিলাতেও সরকার সমানভাবে গুরুত্ব দিচ্ছে।
বুধবার (১৭ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করেন তারা।
এসময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগকে স্বাগত জানান এবং এ ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা ভাগাভাগি করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য সহায়ক হতে পারে।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে তুলতে চায়, যেখানে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে, আবার একই সঙ্গে জনগণ অপতথ্য ও ভুয়া খবরের ঝুঁকি থেকেও সুরক্ষিত থাকবে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে একটি ড্রাফট কমিটি গঠন করা হবে। এই কমিটি একটি জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়ন করবে, যার ভিত্তিতে ভবিষ্যতে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









