রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার আরও বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নতুন করে আরও ১৯টি ইন্টারসেকশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ক্যামেরা চালু করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৩০ জুন) সকালে লেক রোডে নতুন এআই ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, পর্যায়ক্রমে পুরো ঢাকাকেই এআই ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ডিএমপি কমিশনারের তথ্য অনুযায়ী, এআই ক্যামেরা চালুর পর এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে। পাশাপাশি আরও ৩৮ হাজার সমন প্রক্রিয়াধীন রয়েছে।
গত মাস থেকে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি ব্যবহার করে মামলা দেওয়ার কার্যক্রম শুরু করে ট্রাফিক বিভাগ।
উদ্দেশ্য হলো সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আধুনিক নজরদারি ব্যবস্থা গড়ে তোলা।
অনুষ্ঠানে তিনি আরও বলেন, রাজধানীতে অটোরিকশা নিয়ন্ত্রণ পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এ বিষয়ে অভিযান চলমান রয়েছে এবং মন্ত্রণালয় ও পুলিশ সমন্বয় করে কাজ করছে।
এ দিকে নিবন্ধন ও নম্বরপ্লেটবিহীন অটোরিকশার কারণে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা কঠিন হয়ে পড়ছে বলে আগেই সতর্ক করেছেন পরিবহন বিশ্লেষকরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









