ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।
আইজিপি বলেন, পূর্বাচল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধীনে চারটি থানা, ছয়টি তদন্ত কেন্দ্র, দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কাজ চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে বরাদ্দ দেওয়া ২৯ দশমিক ২১ একর জমির মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় পৃথক একটি প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সেখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি আলাদা কাঠামো গঠন করা হবে এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল নিয়োগের প্রস্তাবও রয়েছে।
আইজিপির মতে, পরিকল্পিতভাবে পুলিশি অবকাঠামো গড়ে উঠলে পূর্বাচলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নাগরিক সেবা আরও দ্রুত ও কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগর উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এটি ইতিবাচক প্রভাব ফেলবে।
এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









