সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ জুলাই) রাতে দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
ঘটনার সময় ঢাকা জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণের শব্দে সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেককে ছোটাছুটি করতে দেখা যায়। পরে নাবিলা তাসনিদ মাইকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
সমাবেশ মঞ্চে সে সময় এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত দাবি করেন, পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে সন্ত্রাসীরা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। ঘটনার পর নাহিদ ইসলামের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেন। পরে তারা সাভার মডেল থানার সামনে অবস্থান নেন।
এ দিকে, সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী ধরনের বিস্ফোরণ হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









